মেস থেকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস থেকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী একটি ছাত্রীনিবাসের (মেস) তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ছাত্রীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সামনে ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন তিনি। তাঁর বাড়ি গাজীপুর জেলায়।

তার সহপাঠী ও মেসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করেছেন ও আড্ডা দিয়েছেন সিনথিয়া। আজ সকালে পাশের কয়েকটি কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখেননি তাঁরা। ক্যাম্পাস বন্ধ থাকায় সারাদিন সিনথিয়ার সঙ্গে কারও দেখা বা কথা হয়নি।

বুধবার সন্ধ্যায় মেসের ভাড়াসংক্রান্ত একটি মিটিংয়ে অংশ নিতে তাঁকে ডাকতে গিয়ে আবার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি মেসমালিককে জানানো হলে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিনথিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম জানান, ‘সন্ধ্যা সাতটার দিকে জানতে পারি, একটি মেসে একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরে প্রোভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাই। পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশ উদ্ধার করে  আইনগত ব্যবস্থা নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখবে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, ‘একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছাত্রীর স্বজন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ
সর্বাধিক পঠিত