বিরামপুরে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিরামপুরে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

দিনাজপুরের বিরামপুরে বাড়ির আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (২) ও তাহিয়া জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মালিহা জান্নাত মেহেজাবিন ওই গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তাহিয়া জান্নাত একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। শিশু দুটি প্রতিবেশী। নিহত দুই শিশুর বাবাই কৃষক।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাহিরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়।

কিছুক্ষণ পরে ওই বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক ডোবায় একটি শিশুকে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকেও উদ্ধার করা হয়। পরে, তাহিয়া জান্নাতকে তার পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বাড়ির পাশে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানজিনা খাতুন বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ
সর্বাধিক পঠিত