দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এছার উদ্দিন(৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে রেললাইন পার হওয়ার সময় পা পিছলে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার আনন্দ চক্রবর্তী।
নিহত এছার উদ্দিন ফুলবাড়ি পৌর এলাকার তেতুঁলিয়া গ্রামের মৃত মজর উদ্দিন মোল্লার পুত্র। এছঅর উদ্দিন পেশায় দিনাজপুর টেক্সটাইল মিলের একজন সাবেক ইলেট্রিশিয়ান।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে আনুমানিক সাড়ে ৩ টার দিকে পার্বতিপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস আন্ত: নগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এসময় ফুলবাড়ী রেলষ্টেশনের পি-১১১ গেইট এর কাছে এছার উদ্দিন নামে ওই ব্যক্তি পশ্চিম পাশ থেকে পুর্বপাশে রেললাইন পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায়। এসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীরের মধ্যাংশ থেতলে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করে এবং পরিচয় সনাক্ত করে।
ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার আনন্দ চক্রবর্তী জানান, বিকেল ৩টা ৩২ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস আন্ত: নগর ট্রেনটি ফুলবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় পি-১১১গেইট এর কাছে পৌছালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে।
পার্বতিপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন্নবী জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।