নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (গ্রেনেড বাবু) বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি খাস জমি অবৈধভাবে দখল, ওই জমিতে স্থাপনা নির্মাণ, সরকারি সম্পদের অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগে ওই ব্যবস্থা নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাঁর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ৩৪(৪)(খ) ও ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৪(৬) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে । একই সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ৩৫(১) ও ৩৫(২) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।