“সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন—দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান” শ্লোগানে দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর-এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট), আরিফ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন ) ডা: মোঃ ওয়াহেদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদরাতুল মুমতাহিনা, আর এম ও ডাঃ মোঃ নূর আলম, এমওসিএস ডাঃ হোসেন মোঃ নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, নার্সিং কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় আলোচকবৃন্দ সাপদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় বক্তব্য দেন।