মালয়েশিয়ায় আরও ১৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আরও ১৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা সেপাংয়ের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৪৭ বাংলাদেশিসহ ১৭৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। টানা এক সপ্তাহ গোয়েন্দা নজরদারি চালিয়েছে হ্যাঙ্গার, গুদামঘর ও বিমান ইঞ্জিন পরীক্ষাকেন্দ্র নির্মাণস্থলে এই অভিযান চালানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ১৭৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে। একটি মোটরস্পোর্টস কমপ্লেক্সের কাছে ওই নির্মাণস্থল কাজ করছিলেন তারা।

আগের দিন প্রকাশিত বিবৃতিতে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, অভিযান পরিচালনায় বিভিন্ন পদমর্যাদার ৮৮ জন কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। অভিযানে ২১৭ বিদেশি ও ৪৪ জন স্থানীয় নাগরিকসহ মোট ২৬১ জনকে তল্লাশি করা হয়। প্রকল্পের সঙ্গে যুক্ত সাব-কন্টাক্টর প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা শ্রমিকদেরও যাচাই করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(খ) ধারা লঙ্ঘনের সন্দেহে ২৩ থেকে ৪০ বছর বয়সী ১৭৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি পুরুষ, ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং ৯ জন পাকিস্তানি নাগরিক।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া আরও বলেন, তদন্তে দেখা গেছে, নিয়োগকর্তারা অন্য কোম্পানির নামে ইস্যু করা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ব্যবহার করে বিদেশি নাগরিকদের নিয়োগ দিয়েছেন।

কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে সোশ্যাল ভিজিট পাসেরও অপব্যবহার করা হয়েছে। আটক বিদেশি নাগরিকদের পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

তিনি বলেন, নির্মাণ ও লজিস্টিক খাতের পাশাপাশি বিমান চলাচল শিল্পের সহায়ক সুবিধাসহ সব খাতে অভিবাসন আইন প্রয়োগ ও নজরদারি অব্যাহত থাকবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী যেকোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া বা আশ্রয় দেওয়া নিয়োগকর্তারাও থাকবেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩, জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান এবং অনুমতি ছাড়া মালয়েশিয়ায় কাজে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সর্বশেষ
সর্বাধিক পঠিত