প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ১, ২, ২৩, ৪ মিলন তুই গোদি ছাড়, আমার ভাই কবরে মিলন কেন এসিতে, একদফা, এক দাবী মিলন তুই কবে যাবি ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
দুপুর পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা। এর প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে করে ভোগান্তিতে পড়ে রোগীসহ অসংখ্য সাধারণ মানুষ।
প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে তিনটা) শিক্ষার্থীদের কর্মসূচি এবং পরিবহন শ্রমিকদের অবস্থান অব্যাহত ছিল।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা ছিল বলে জানান তিনি।